ইতালিতে ক্যাথলিক যাজকদের হাতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষ যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের একটি সংগঠন। এ অভিযোগ দেশটির যাজকদের ওপর নতুন করে চাপ বাড়িয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদন মতে, ২০২০ সালের পর থেকে রিপোর্ট হওয়া ঘটনার ওপর ভিত্তি করে এমন অভিযোগ তুলেছে ভুক্তভোগী সংগঠন ‘রেতে ল আবুসো’।
সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রানসেসকো জানার্দি বলেছেন, এই হিসাব ভুক্তভোগীদের সাক্ষ্য, বিচার বিভাগীয় তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। তবে এসব নির্যাতনের ঘটনাগুলো কোন সময়কাল থেকে শুরু হয়েছিল, তা নিশ্চিত করা হয়নি।
রয়টার্স জানিয়েছে, ইতালির বিসপস কনফারেন্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত সপ্তাহেই ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন তাদের সমালোচনা করে জানিয়েছিল, ইতালির ২২৬টি ডায়োসিসের মধ্যে মাত্র ৮১টি শিশু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছে।
নতুন পোপ লিও চলতি সপ্তাহে প্রথমবারের মতো নির্যাতনের শিকারদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সঙ্গে চার্চের নতুন বিশপদের অভিযোগ গোপন না রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে প্রয়াত পোপ ফ্রান্সিস এই ইস্যুটিকে অগ্রাধিকার দিয়েছিলেন, যদিও ফলাফল ছিল মিশ্র।
রেতে ল আবুসোর প্রতিবেদনে বলা হয়, মোট ১ হাজার ২৫০টি সন্দেহভাজন নির্যাতনের ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১০৬টি ঘটনায় যাজকরা অভিযুক্ত।
বাকিগুলোতে সন্ন্যাসিনী, ধর্মীয় শিক্ষক, স্বেচ্ছাসেবক, শিক্ষাবিদ ও স্কাউট সদস্যরা জড়িত। এতে মোট ৪ হাজার ৬২৫ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৪ হাজার ৩৯৫ জন যাজকদের হাতে নির্যাতিত।