চলমান যুদ্ধের অবসানের লক্ষে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গোপনে একটি বৈঠক আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা এবং বৈঠকের সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) আবুধাবিতে পৌঁছান মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল এবং রাতেই রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শুরু করেন। আজ মঙ্গলবারও (২৫ নভেম্বর) আলোচনা অব্যাহত থাকবে।
প্রতিবেদন মতে, রুশ প্রতিনিধিদলের সঙ্গে সঙ্গে বৈঠক শেষে ড্রিসকল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদফতরের (জিইউআর) প্রধান কিরিলো বুদানভের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র সমর্থিত ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে জেনেভায় ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার বড় অগ্রগতির পর আবুধাবিতে আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রতিবেদন মতে, আবুধাবিতে তিনটি পক্ষ যৌথভাবে বৈঠক করছে নাকি পৃথকভাবে আলোচনা করছে তা স্পষ্ট নয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে গত সপ্তাহে ২৮ দফা শান্তি প্রস্তাব সামনে আনে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রস্তাবটি ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া হয়। প্রস্তাবটি নিয়ে গত রোববার (২৩ সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের নেতারা।
বৈঠকের পর প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কিন্তু ‘এখনও কিছু কাজ করার বাকি আছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট (ডনাল্ড) ট্রাম্পের দল আমাদের কথা শুনছে।
ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবের শর্তগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একইসাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে সমাধানের একটি ‘ভিত্তি’ হিসেবেও এ প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, তার দেশকে ‘একটি খুব কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে, হয় মর্যাদা হারানো অথবা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হারানোর ঝুঁকিও আসতে পারে।