যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের মেডফোর্ডের এন্ড্রু মিডল স্কুলের মাঠে ২৩ জুলাই (শনিবার) বোস্টন বাংলা মেলার আয়োজন করা হয়েছে। দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা।
বোস্টনের স্থানীয় শিল্পীরা ছাড়াও ১১টি অঙ্গরাজ্য থেকে শতাধিক শিল্পী আসছেন এই মেলায়। সেখানে এক মঞ্চে একসঙ্গে শতকণ্ঠে গাইবেন শিল্পীরা।
বোস্টনে প্রথমবারের মতো খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলা মেলা। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে বস্টনের প্রবাসী বাঙালিদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। মেলায় হারিয়ে যাওয়া শৈশবের সব খেলাধুলার ব্যবস্থা থাকবে। যেমন এক্কাদোক্কা, লুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, মার্বেল, লাটিম, গুলতি, ঘুড়ি উড়ান, হা-ডু-ডু ইত্যাদি।
মেলায় অনুষ্ঠিত হবে শিশুদের আর্ট ক্যাম্প। নিউইয়র্ক থেকে আর্টিস্ট ফোরামের শিল্পীদের ব্যবস্থাপনায় এই আর্ট ক্যাম্পের আয়োজন হচ্ছে। মেলার পক্ষ থেকে সব শিল্পীর জন্য রংতুলি ও ক্যানভাসের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী সব শিশুকে দেওয়া হবে পুরস্কার।
মেলায় যেমন খুশি তেমন সাজো পর্বে শিশুদের সাজিয়ে-গুছিয়ে দুপুর ১২ টার মধ্যে মেলা প্রাঙ্গণে নিয়ে আসার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বোস্টন বাংলা মেলায় কোনো প্রবেশমূল্য থাকছে না। মেলা সবার জন্য উন্মুক্ত।