সমালোচিত গায়ক-অভিনেতা হিরো আলমকে নিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এসব সংবাদে তাকে রবীন্দ্র ও কবি কাজী নজরুল ইসলামের গান গাওয়ার অপরাধে পুলিশের জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ তুলে আনা হয়।
এএফপি, বিবিসি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়াটাইমস, এবিপি আনন্দ, ডেইলি সাবাহ, লাইভমিন্ট, এআরওয়াইনিউজ, আনন্দসহ আরও বেশ কয়েকটি বিদেশি গণমাধ্যমে হিরো আলমকে নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে।
এদিকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর হিরো আলম তার সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে কারাগারের পোশাক পরা একটি ভিডিও আপলোড করেন। তার নিজস্ব স্টাইলে সেই ভিডিওতে এটাও জানান, তার ফাঁসি হতে চলেছে।
বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তার ওপর মানসিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে ঢাকার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসাইন এএফপিকে বলেন, ভাইরাল হওয়ার জন্যই সে এসব করছে।
ঢাকার গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ এএফপিকে জানান, সে তার গানের জন্য এবং অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরার জন্য ক্ষমা চেয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি তাকে পুলিশের পোশাক পরে রাস্তায় হিরোগিরী করতে দেখা যায়। তার সে সময়ের ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার শেষ নেই। এখানেই থেমে থাকেননি তারপর তাকে বেসুর গলায় রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়। এরপর রবীন্দ্র সংগীত প্রেমীরা ক্ষেপে যায় তার ওপর।
উপরোক্ত কারণে তার বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে ২৯ নম্বর কোর্টে ৪৬১/২২ ধারায় মামলা করা হয়েছিল। মামলাটির তদন্ত করা হয়েছিল রাজধানীর হাতিরঝিল থানায়।
অনুমতি ছাড়া পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়ানো এবং রবীন্দ্র সংগীতসহ সংস্কৃতি বিকৃতি করার অভিযোগে হিরো আলমকে ডেকেছিল ডিবি পুলিশ। গত ২৭ জুলাই বেলা ১১টা থেকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় হিরো আলমকে।