মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। ২২ নভেম্বর (সোমবার) সকাল সোয়া ৯টায় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে । তিনি জানান,ঢাকায় পৌঁছেছেন ফয়সাল নাসিম। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ।
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরকালে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে একথা জানা যায় । দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।
এছাড়া উচ্চশিক্ষা,স্বাস্থ্যসেবা, এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃক মালদ্বীপকে সহায়তা প্রদানের মতো বিষয়গুলো আলোচনা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি বলে সূত্র জানিয়েছে। সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ফয়সাল নাসিমের।
মালদ্বীপের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা চুক্তি সই করে বাংলাদেশ চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে। নতুন করে জনবল নিয়োগ, অবৈধ কর্মীদের বৈধতা প্রদান ও ফেরানোর প্রক্রিয়া যুক্ত ছিল চুক্তিতে ।