অবিরাম বৃষ্টির কারণে অনেকেই ভুগেছেন, তবে ব্যস্ত সড়কে কুমিরের দেখা পাওয়া সত্যিই আশ্চর্যজনক! এমনই একটি ঘটনা ঘটেছে ভারতে।
গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের চিপলুন ও রত্নগিরি অঞ্চলে অঝোরে বৃষ্টি হচ্ছে। এর ফলে জনবহুল রাস্তায় দেখা মিলেছে ৮ ফুট লম্বা একটি কুমিরের! এনডিটিভির খবরে জানা যায়, গাড়িতে বসে থাকা এক যাত্রী মুঠোফোনে কুমিরের দৃশ্যটি ধারণ করেন, যা পরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, চিপলুনের রাস্তায় ধীরগতিতে কুমিরটি পার হচ্ছে, যা নেটিজেনদের মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি করেছে।
চিপলুনের পাশেই শিব নদী অবস্থিত। ধারণা করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে নদী থেকে কুমিরটি বেরিয়ে এসেছে। শিব নদীকে কুমিরের আবাসস্থল হিসেবেই চেনা হয়।
গত কয়েকদিনের টানা বর্ষণে জেলার নদ-নদীর পানি বেড়ে গেছে। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে ২ জুলাই পর্যন্ত।