যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শক্তিশালী হারিকেন বেরিল আঘাত হেনেছে, এতে হিউস্টন শহরে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন, এবং ১৩০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন ২৭ লক্ষাধিক মানুষ।মঙ্গলবার (৯ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে ভারি বৃষ্টি ও তীব্র বাতাস নিয়ে টেক্সাসের উপকূলীয় শহর মাটাগোর্ডার কাছে আছড়ে পড়ে হারিকেন বেরিল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।সোমবার (৮ জুলাই) সকালে টেক্সাসে আঘাত হানে হারিকেন বেরিল, তখন এটি একটি ক্যাটাগরি ওয়ান হারিকেন হিসেবে সেখানে আছড়ে পড়েছিল। তবে এরপর থেকে ধীরে ধীরে শক্তি কমে এটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়।তীব্র বাতাস এবং ১৫ ইঞ্চি (৩৮ সেমি) পর্যন্ত বৃষ্টির কারণে ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ ঝড়ের বিষয়ে সতর্ক করা হয়েছে। হিউস্টনের বৃহত্তম বিমানবন্দরে ১৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
টেক্সাসে ৫৩ বছর বয়সী এক ব্যক্তি বাতাসের ধাক্কায় বিদ্যুতের লাইন ভেঙে পড়ায় এবং হ্যারিস কাউন্টিতে তার বাড়িতে গাছ ভেঙে পড়ায় মারা গেছেন। গাছ ভেঙে পড়ার ফলে ছাদ ধসে পড়ে তার মৃত্যু হয়। একই কাউন্টিতে, হিউস্টনের একটি অংশে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধা বাড়ির ছাদে গাছ ভেঙে পড়ার ফলে মারা গেছেন। তার নাতনি পুলিশকে খবর দেন।সোমবারের ঝড়ের পর হিউস্টনের শহরতলিতে পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। মার্কিন পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদারের মতে, চলতি জুলাই মাসে টেক্সাসে এই ধরনের হারিকেনের আঘাত বিরল।