অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত নয় জনের প্রাণহানি হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, তারা জেনিন, তুলকার্ম ও আল-ফার’আ শরণার্থী শিবির এলাকায় অভিযান চালিয়ে নয় ফিলিস্তিনিকে হত্যা করেছে।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, তারা এসব এলাকা থেকে নয় জনের মরদেহ স্থানান্তর করেছে। সঙ্গে ইসরায়েলি হামলায় আহত আরও ১৩ ব্যক্তিকে সরিয়ে নেয় সংস্থাটি।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গাজা ভূখণ্ডের মতো, পশ্চিম তীরেও জঙ্গিবাদের হুমকি রয়েছে এবং ইসরায়েলকে এর মোকাবিলা করতে হবে। তিনি পশ্চিম তীরে জঙ্গিদের অর্থায়ন ও অস্ত্র দেওয়ার জন্য ইরানকে দায়ী করেন।
গাজায় হামাসের বিরুদ্ধে চলমান সংঘাতের মাঝে নিয়মিত পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েল।
২০২৩ সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা (সেটলার) ৬৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন। অপরদিকে, ফিলিস্তিনি হামলায় অন্তত ১৯ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য,২০২৩ সালে ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠন হামাস দখলদার ইসরাইলের বিরুদ্ধে আকস্মিক হামলা করে।এরপর থেকে ইসরাইলি দখলদাররা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে।এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বর্বর ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হা
জার ৫৪৯ জন।