বাংলাদেশ ব্যাংক টেকসই রেটিংয়ে ভালো অবস্থান অর্জনকারী ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে। এবারই প্রথমবারের মতো ইংরেজি বর্ণানুক্রমে না গিয়ে সরাসরি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২৪ সালের রেটিংয়ে বেসরকারি খাতের দেশীয় মালিকানাধীন সিটি ব্যাংক সেরা ব্যাংক হিসেবে শীর্ষস্থান দখল করেছে। ব্র্যাক ব্যাংক এবং পূবালী ব্যাংক রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক এবং প্রাইম ব্যাংক চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত রয়েছে।
অন্যদিকে, এনবিএফআই বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিএলসি ফাইন্যান্স প্রথম এবং আইপিডিসি ফাইন্যান্স দ্বিতীয় স্থান অর্জন করেছে।
টেকসই অর্থায়ন, সামাজিক দায়িত্বশীল কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ, টেকসই কোর ব্যাংকিং এবং ব্যাংকিং সেবার বিস্তৃতি—এই পাঁচটি মূল সূচকের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি ২০২৪ সালের কার্যক্রম পর্যালোচনা করে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে মোট ১০টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানকে স্থান দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর এই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নূরুন নাহারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।