ফরিদপুরের ভাঙ্গায় এক শিশুকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে শাফি সিকদার (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে।
গ্রেফতারকৃত শাফি শিকদার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রজব আলী শিকদারের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দিকে ওই শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত শাফি শিকদার। বাড়িতে কেউ ছিল না থাকায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন সে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী ওই ঘরে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
বিষয়টি জানাজানি হলে শাফি শিকদারের শাস্তির আশ্বাস দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন মাতব্বর। তবে এ ঘটনার আজ (শনিবার) দুপুরে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুটির বাবা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন সময়ের আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে শনিবার সন্ধ্যায় মামলার আসামি শাফি শিকদারকে গ্রেফতার করা হয়েছে।