সিলেটের জকিগঞ্জে টমটম দুর্ঘটনায় বাবুর বাজারের একজন মাছ ব্যবসায়ী নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে তিনটায় উক্ত দুর্ঘটনা ঘটে। উপজেলার শরীফগঞ্জ বাজার থেকে বাবুর বাজারে বিক্রির উদ্দেশ্যে ব্যাটারিচালিত টমটমে করে মাছ নিয়ে যাচ্ছিলেন ৫ জন ব্যবসায়ী। পথিমেধ্য গঙ্গাজল বাজার পাড়ি দিয়ে ৬ নং সুলতানপুর ইউনিয়ন সংলগ্ন স'মিলের সামনে রোডে চলমান একটি মহিষকে সাইড দিতে গিয়ে টমটমটি উল্টে যায়। এতে মারাত্মকভাবে আহত হন অন্তত তিনজন ব্যবসায়ী। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ভরণ সুলতানপুর নামক স্থানে মারা যান একজন।
নিহত মাছ ব্যবসায়ীর নাম জামাল মিয়া (৬০)। তিনি বারোঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ৩য় ছেলে। তাঁর ১জন ছেলে ও ৫ জন মেয়ে রয়েছে।
দুর্ঘটনায় আহত অন্যরা হলেন সুরুজ আলী (ধলাই মিয়া) (৬৩), পিতা মৃত রাইস আলী এবং কলিম উদ্দিন (৩০), পিতা মৃত আজব আলী। আহতদের বাড়িও একই উপজেলার পিল্লাকান্দি গ্রামে।
এ ব্যাপারে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।