সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর নোমান আহমদ (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ বাজার সংলগ্ন শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নোমান আহমদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
নিহতের আত্মীয় সুমন আহমদ জানান, তিন দিন ধরে নিখোঁজ ছিলেন নোমান। কোনো খোঁজ না পেয়ে তাঁরা র্যাব-৯ অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় খবর পান ধানক্ষেতে মরদেহ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ঘটনার প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়। তবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।