আগের দিন রাতে জানানো হয়েছিল যে দুর্বার রাজশাহী দল সকালে চট্টগ্রামে অনুশীলন করবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দল অনুশীলনে হাজির হয়নি। পরে বলা হয়, খেলোয়াড়রা বিশ্রাম নিচ্ছেন। তবে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, পারিশ্রমিক না পাওয়ার কারণে ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছেন।
বিপিএল শুরুর পর থেকেই রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা চলছে। জানা যায়, টুর্নামেন্টের শুরুতে এক টাকাও না নিয়ে মাঠে নেমেছিলেন খেলোয়াড়রা। পরে ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ আশ্বাস দিয়েছিল যে, দ্রুতই বকেয়া পরিশোধ করা হবে। তবে ১৪ জানুয়ারি ছিল পারিশ্রমিক পরিশোধের চূড়ান্ত সময়সীমা। সেই সময় পেরিয়ে গেলেও অর্থ না পাওয়ায় খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং তারা অনুশীলন বয়কট করেছেন।
রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের এখনও কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। কিছু বিদেশি খেলোয়াড় তাদের পারিশ্রমিকের মাত্র ২৫ শতাংশ পেয়েছেন। বিপিএল প্রায় শেষের পথে, তবুও টাকা না পাওয়ার ঘটনায় খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে।
এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ আশ্বাস দিয়েছে যে, আগামীকালের মধ্যে কিছু পারিশ্রমিক দেওয়া হবে। তবে টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন, “রাজশাহী শুধু আজ বিশ্রাম নিয়েছে।” অনুশীলন বাতিলের পেছনে পারিশ্রমিক বকেয়ার কারণ রয়েছে কি না, তা নিশ্চিত করতে অপি অস্বীকৃতি জানিয়েছেন।