গত মাসে জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পান সৌম্য সরকার। সেই চোটের কারণে এখনো পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে রংপুর রাইডার্স জানিয়েছে, সৌম্য তার চোট থেকে সেরে উঠেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান সৌম্য। আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয় এবং এক্স-রে করলে দেখা যায়, আঘাতপ্রাপ্ত স্থানে হাড় স্থানচ্যুত হয়েছে। বিসিবির মেডিকেল টিম জানায়, এই চোটের কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে সেই সময় পেরিয়ে গেলেও সৌম্য মাঠে ফিরতে পারেননি।
অবশেষে মাসখানেক পর রংপুর রাইডার্স সৌম্যকে নিয়ে সুখবর দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে সৌম্যের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিলো বিপিএল রাঙানোর! ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার।"
রাইডার্স আরও লিখেছে, "পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো?" এমন পোস্টে তাদের ভক্তরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তবে সৌম্য দলে যোগ দিলেও এখনই মাঠে নামছেন না। বিসিবির মেডিকেল বিভাগের তথ্যমতে, চোট থেকে পুরোপুরি সেরে উঠলেও মাঠে ফিরতে তাকে অন্তত আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। বর্তমানে তিনি ফেরার প্রক্রিয়ার মধ্যেই আছেন। রংপুর রাইডার্সও ভক্তদের কাছে তার মাঠে ফেরার জন্য আরেকটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।
সৌম্যের মাঠে ফেরার অপেক্ষায় তার ভক্ত ও সমর্থকরা এখন দিন গুনছেন। মাঠে তার ঝড় তোলার দিন আসতে আর বেশি দেরি নেই!