মোহাম্মদ সাইফউদ্দিনের একটি ফেসবুক পোস্ট যেন পুরো দেশের ক্রিকেটাঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। কোটি কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়ে দাগ কেটেছে তার হতাশা ভরা সেই কথা। ছোটবেলা থেকে ব্যাটিং অলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখা সাইফউদ্দিনকে ক্রিকেটীয় বাস্তবতা গড়ে তুলেছে বোলিং অলরাউন্ডার হিসেবে। তাই তার ব্যাট হাতে ঝলক দেখানো ইনিংসগুলো অনেকেই ‘অঘটন’ বলে উড়িয়ে দেন। হয়তো সেই হতাশা থেকেই তিনি এমন পোস্ট করেছেন।
জাতীয় দলের বাইরে থাকলেও সাইফউদ্দিন নিজের জায়গা করে নিয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের স্কোয়াডে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন তিনি। কিন্তু সেখানেও ব্যাটিংয়ের পর্যাপ্ত সুযোগ পাননি। শেষ দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েই প্রায় ২০০ স্ট্রাইক রেটে খেলেছেন, দেখিয়েছেন নিজের সামর্থ্য।
কিন্তু রাজশাহীর বিপক্ষে সেই দুই ম্যাচে দলকে জেতাতে পারেননি, যা তার হতাশা আরও বাড়িয়েছে। হয়তো ভক্তদের মতোই তার মনেও আক্ষেপ—যদি উপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ পেতেন, তাহলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো!
শুধু বিপিএলের দুই ম্যাচ নয়, জাতীয় দলেও বারবার ব্যাটিং প্রতিভা দেখিয়েও সাইফউদ্দিন সঠিক মূল্যায়ন পাননি। বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই ম্যাচটি এখনো অনেকের মনে আছে, যেখানে তিনি ব্যাট হাতে দলকে জেতানোর মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। বারবার নিজেকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে প্রমাণ করলেও দেশের ক্রিকেট কাঠামো যেন তা স্বীকার করতেই চায় না!
তবে, এটি যে শুধু সাইফউদ্দিনের একার সমস্যা তা নয়। বাংলাদেশের ক্রিকেটে এমন অনেক প্রতিভাবান খেলোয়াড়ই সিস্টেম লসের শিকার। মাহমুদউল্লাহর মতো একজন ব্যাটসম্যান, যিনি একসময় ছিলেন টপ অর্ডারের ভরসা, ক্যারিয়ারের শেষ দিকে তাকে লোয়ার অর্ডারে ব্যাট করতে বাধ্য করা হয়েছে। অথচ সেখানে তার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
দেশের ক্রিকেট কাঠামো এমনই যে, খেলোয়াড়দের হয় বোর্ডের চাহিদামতো মানিয়ে নিতে হবে, না হয় একরকম বাধ্য হয়েই সিস্টেমের শিকার হতে হবে। সাইফউদ্দিনের পোস্টের মধ্যে হয়তো সেই নীরব আত্মসমর্পণের ছাপ। আর ক্রিকেটপ্রেমীদের জন্য থেকে যাচ্ছে সেই চিরচেনা আক্ষেপ—এত প্রতিভা থাকা সত্ত্বেও দেশের ক্রিকেট কি সত্যিই তাদের যথাযথভাবে ব্যবহার করতে পারছে?