সাম্প্রতিক ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে গিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে রংপুর রাইডার্স। এবার তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ, যেখানে হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়। তাই যেকোনো মূল্যে এই ম্যাচ জিততে মরিয়া দলটি। আর সেই লক্ষ্যেই প্লে-অফের আগে তিন বিদেশি তারকাকে উড়িয়ে এনেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।
আজ (সোমবার) দুপুর ১টা ৩০ মিনিটে খুলনার বিপক্ষে মাঠে নামার আগে সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় এসে পৌঁছেছেন রংপুরের তিন নতুন বিদেশি ক্রিকেটার। তারা হলেন—ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান টিম ডেভিড এবং ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জেমস ভিন্স। রংপুর রাইডার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
শুধু নিশ্চিত করেই থেমে থাকেনি রংপুর, বরং প্রতিপক্ষের জন্য একপ্রকার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে দলটি। তিন ক্রিকেটারের ছবি পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছে, ‘আমাদের প্রত্যাশার উত্তর পাওয়া গেছে!’ একইসঙ্গে এই তারকাদের আগমনে সমর্থকদের শুভ সকাল জানিয়েছে দলটি।
রংপুর অবশ্য আগেই দুর্দান্ত পারফর্ম করছিল। টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল দলটি। তবে এরপর ছন্দপতন হয়, টানা চার ম্যাচ হেরে বসে রাইডার্স। বিশেষ করে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ ও ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস দল ছাড়ার পর এক ধরনের শূন্যতা তৈরি হয় স্কোয়াডে। এবার সেই শূন্যতা পূরণ করতেই শেষ মুহূর্তে দলে যোগ করা হলো রাসেল, ডেভিড ও ভিন্সকে।
নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর কি পারবে নতুন তারকাদের নিয়ে ঘুরে দাঁড়িয়ে চূড়ান্ত লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে? উত্তর মিলবে মাঠেই!