আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল ম্যাচ। ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে বিবিসি সাউথ জোনকে হারিয়ে শিরোপা নিজের করে নেয় ওয়াল্টন সেন্ট্রাল জোন। ৩৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ জয়ী হয় সেন্ট্রাল জোন।
আগে ব্যাট করা বিসিবি সাউথ জোনের শুরুটা বেশ ভালোই ছিল। পিনাক ঘোষ ও এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটিতেই আসে ৫১ রান। পিনাক ৩৫ ও বিজয় থামেন ২০ রানে। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বিসিবি সাউথ জোন। শেষ পর্যন্ত ৪৮ ওভার ৫ বলে ১৬৩ রান করে বিবিসি সাউথ জোন। ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে সমান ২টি করে উইকেট পান মোসাদ্দেক, সৌম্য, নাজমুল, মুরাদ ও মৃত্যুঞ্জয়।
১৬৪ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দলের জয় অনেকটা সহজ করে দেন ওপেনার মিজানুর রহমান ও সৌম্য সরকার। ৬৫ রানের জুটি করে দুজন মিলে। নাসুমের বলে লং অফে ধরা পড়েন সৌম্য(২৫)। আব্দুল নজিদকে দ্রুত সাজঘরে পাঠান মেহেদী হাসান। মিঠুন(৪) ও মিজান(৩৯) ধরা পড়েন নাসুমের বলে।
১১ রানের ব্যবধানে ৪ উইকেট, দলীয় সংগ্রহ তখন ৭৬। এমন পরিস্থিতিতে আল আমিনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক। দুজনের ৯০ রানের জুটিতে ১৬৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট্রাল জোন। মোসাদ্দেক ৮৫ বলে ৩৩ ও আল আমিন ৬৯ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন।
গুরুত্বপূর্ণ ৩৩ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি সাউথ জোন ১৬৩/১০ (৪৮.৫), পিনাক ৩৫, বিজয় ২০, অমিত ২৯, হৃদয় ০, জাকির ১৪, নাহিদুল ৩১, মেহেদী ২, ফরহাদ ৭, নাসুম ৫, রাব্বি ১২, মুস্তাফিজ ৩*; সৈকত ১০-০-৪৫-২, অপু ১০-০-২৮-২, সৌম্য ৬.৫-০-১৯-২, মুরাদ ১০-০-২৯-২, মৃত্যুঞ্জয় ৭-১-২৬-২
ওয়ালটন সেন্ট্রাল জোন ১৬৪/৪ (৪২.৩), মিজানুর ৩৯, সৌম্য ২১, মজিদ ১, মিঠুন ৪, মোসাদ্দেক ৩৩*, আল আমিন ৫৩*; মেহেদী ১০-০-৩২-১, নাসুম ১০-১-৩২-৩
ফলাফলঃ ওয়ালটন সেন্ট্রাল জোন ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ মোসাদ্দেক হোসেন সৈকত (ওয়ালটন সেন্ট্রাল জোন)।