ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধেও সিদ্ধান্ত বদলাননি বিরাট কোহলি। নিজের মতেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক। রোহিত শর্মার পথ ধরেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন তিনিও।
আইপিএলের মাঝপথেই গত সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সে সিদ্ধান্ত জানান সদ্য প্রাক্তন এই অধিনায়ক। এবার তাঁর দীর্ঘদিনের সতীর্থ কোহলি জানালেন একই সিদ্ধান্ত। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় টেস্ট থেকে বিদায়ের কথা জানিয়ে দিলেন তিনি।
কোহলি লেখেন, ‘১৪ বছর আগে যখন প্রথম টেস্টে ভারতের হয়ে মাঠে নামি, তখন জানতাম না এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে। এটা আমাকে গড়েছে, পরীক্ষা নিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। এই শিক্ষা সারাজীবন মনে রাখব।’ তিনি আরও বলেন, ‘সাদা পোশাকে খেলার মাঝে একধরনের গভীরতা থাকে, যা বাইরে থেকে দেখা যায় না। এই মুহূর্তগুলো সবসময় আমার সঙ্গে থাকবে।’
টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত কোহলি। ১২৩টি ম্যাচে করেছেন ৯২৩০ রান, গড় ৪৬.৮৫। সেঞ্চুরি ৩০টি, ফিফটি ৩১টি।
বোর্ড সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই কোহলি তাঁর টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন। কিন্তু ইংল্যান্ড সফর সামনে রেখে তাঁকে অনুরোধ করা হয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। রোহিতের পর কোহলিও যদি না থাকেন, তবে দলের ব্যাটিং গভীরতা অনেকটাই কমে যাবে— এমন আশঙ্কা থেকেই বোর্ড চেয়েছিল, তিনি যেন অন্তত এই সিরিজ পর্যন্ত খেলেন। তবে কোহলি নিজের অবস্থান থেকে সরে আসেননি।
সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে অবসর নিয়ে ভাবছিলেন কোহলি। যদিও ওই সফরের প্রথম টেস্টে শতরান পান তিনি, এরপরের ম্যাচগুলোতে খুব একটা নজর কাড়তে পারেননি।
রোহিতের মতো কোহলিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পেলেন না। উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিতের সঙ্গে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন কোহলি। এখন দু’জনেই শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করবেন।