বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের; এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।
বাংলাদেশ নারী ফুটবল দল ইতোপূর্বে কখনো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে অবতীর্ণ হয়নি।
বুধবার (২রা জুলাই) বিকেলে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে ভর করে শক্তিশালী মিয়ানমার নারী ফুটবল দলকে ২-১গোলে পরাজিত করে চৃড়ান্ত পর্বের পথে একধাপ এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু তখনো পরিস্থিতি দোদুল্যমান। তবে একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত বাহরাইন-তুর্কমেনিস্তান (গ্রুপ 'সি') ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকেট অর্জন করে বাংলাদেশ।
উল্লেখ্য এর পূর্বে রবিবার (২৯শে জুন) সন্ধ্যায় শক্তিশালী বাহরাইন নারী ফুটবল দলকে ৭-০ ব্যবধানে পরাজিত করে গ্রুপ পর্বে নিজেদের শুভসূচনা করে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী শনিবার (৫ই জুলাই) সন্ধ্যায় নিয়মরক্ষার ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলার নারীরা।