বিপিএলের আসন্ন আসর সংক্রান্ত বেশকিছু বিষয়ে আলোচনার জন্য আগামী রোববার (২ নভেম্বর) বোর্ড সভায় বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। বিসিবির সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিসেম্বরে শুরু হবে বিপিএলের আসন্ন আসর। আয়োজক প্রতিষ্ঠান বাছাইয়ের পর এখন চলছে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্তের পর্ব। মোট ১১টি প্রতিষ্ঠান আসন্ন বিপিএলে অংশ নেয়ার জন্য আবেদন করেছে। তাদের মধ্যে ৯টিকে নিয়ে গতকাল একটি সভা করেছে বিসিবি। বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার খুব কম সময়ের মধ্যে বিপিএল হওয়ায় সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে সংস্থাটি।
আগামী রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। সেই সভায় আলোচনার মূল বিষয় থাকবে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্তসহ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতির সামগ্রিক বিষয়গুলো।
আলোচনায় থাকবে টেস্ট অধিনায়কত্বের বিষয়টিও। নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এখন পর্যন্ত সাদা জার্সির ফরম্যাটে নতুন অধিনায়ক পায়নি বাংলাদেশ। নতুন করে অধিনায়ক হওয়ার জন্য সম্প্রতি আবার শান্তকে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। শান্ত ফিরিয়ে দেয়ায় লাল বলের অধিনায়ক হওয়ার আলোচনায় আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তবে তাদের ছাড়া অন্য অপশনের কথাও মাথায় রেখেছে বিসিবি। সেক্ষেত্রে এই ফরম্যাটের নিয়মিত খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক মুমিনুল হককেও দেখা যেতে পারে নেতৃত্বে।
ফিক্সিং বিতর্কে বিপিএলের গত আসর নিয়ে সমালোচনা ছিল বেশ। সম্প্রতি এ বিষয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। রোববারের সভায় এ বিষয়ে বিসিবির অবস্থান এবং করণীয় নিয়ে আলোচনা হবে। এছাড়া নারী ও পুরুষ দলের পারফরম্যান্স পর্যালোচনা এবং কোচিং স্টাফদের নিয়েও আলোচনা থাকবে এই সভায়।