কে ভাবতে পেরেছিল বার্সেলোনার লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে অভিন্ন শত্রুর বিপক্ষে। ফুটবলে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে। তেমনই একটা হয়তো বার্সেলোনা ছেড়ে আর্জেন্টাইন মহাতারকার পিএসজিতে আসা। মেসির মতো রামোসেরও মাদ্রিদ ছেড়ে প্যারিসে থিতু হওয়াটা অনেকের বুকে রক্তক্ষরণের কারণ। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের তারকা যখন এক বিন্দুতে মিললেন, সব শত্রুতা ঝেরে ফেলে বন্ধুত্বের হাতই মিলিয়েছেন। কিন্তু অতীতের কঠিন বৈরিতা কি চাইলেই ভোলা যায়?
রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস দলটার আইকনই ছিলেন। সর্বকালের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় নিঃসন্দেহে থাকবেন এই ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদের সেরাদের তালিকায় তো থাকবেনই। সেই রামোসই এক মৌসুম আগে পাড়ি জমালেন প্যারিসে। তখন কী তিনি ঘুণাক্ষরে জানতেন তার পথ ধরে আসছেন সর্বকালের সেরাদের আরও একজন!
যেনতেন কেউ নন, স্বয়ং লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এলেন। যা কখনো কেউ ভাবেনি তাই হয়েছে। ব্ল্যাংক চেক নিয়ে মেসির দরজায় ধরনা দিয়েও তাকে দলে টানতে পারেনি ম্যানচেস্টার সিটি। অথচ মেসিকে পেতে পিএসজির খুব একটা কষ্ট করতে হয়নি। বিনামূল্যে এই দুই তারকাকেই পেয়ে গেছে ফরাসি জায়ান্টরা।
তবে মেসি-রামোসকে এক দলে সামলানোটাও কম হ্যাঁপা নয়। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা চিরকালীন দ্বৈরথে তো দুজনের কথাই লেখা থাকবে মোটা অক্ষরে। বার্সেলোনার আক্রমণভাগের নেতা যেমন মেসি ছিলেন, তেমনই রিয়াল মাদ্রিদের রক্ষণের সর্বেসর্বা রামোস। তাই টক্করটা প্রায়ই বেশ বাজে অবস্থায় গড়াত। ডিফেন্ডার হিসেবে রামোসের ট্রেডমার্ক হলো কড়া ট্যাকল। লিও মেসির মতো ভিনগ্রহের প্রাণীকে আটকাতে অবশ্য এটাই সবচেয়ে মোক্ষম অস্ত্র। আর এই ট্যাকলে অসংখ্যবার যন্ত্রণায় নীল হয়েছেন ক্ষুদে জাদুকর। মাঝে মাঝে প্রতিবাদ করতে গিয়ে তো দুদলের হাতাহাতি পর্যন্ত বেঁধে যেত।
এমন দুই শত্রুভাবাপন্ন খেলোয়াড় এক ড্রেসিংরুমে কীভাবে স্বাভাবিক আচরণ করবে এই যখন সকলের ভাবনায়, তখনই দেখা গেল ভিন্ন চিত্র। দুজনের অতীত সেই দ্বৈরথ ভুলে সম্পর্কের বরফ গলাতে এগিয়ে এসেছিলেন স্বয়ং রামোস। পিএসজির জার্সি বিক্রয়কেন্দ্রে দুজনের পাশাপাশি টাঙানো জার্সির ছবির পাশে মেসির একটি ছবি দিয়ে লিখেছিলেন, 'এমনটা হবে, কে তা ভাবতে পেরেছিল!’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে।'
গত মৌসুমটা দুই তারকার জন্যই ভালো কাটেনি। মেসি ভুগেছেন গোলখরায়, রামোস ইনজুরিতে। তাই এক সঙ্গে খেলা হয়নি খুব বেশি। তবে মাঠের বাহিরে দুজনের বন্ধুত্ব জমে ওঠার চিত্র দেখা গেছে বিভিন্ন সময়। মেসি ও রামোস দুজনই নতুন মৌসুমটা নিচ্ছেন ঘুরে দাঁড়ানোর মিশন হিসেবে।
নতুন মৌসুম অনুশীলনে ফিরেছেন রামোসও। দুজনকেই বেশ ঝরঝরে লেগেছে প্রাক-মৌসুম ম্যাচে। তবে জমে ওঠা সুসম্পর্ক ছাপিয়ে সোমবার ফের দেখা গেল এল ক্লাসিকো যুগের চিত্র। রামোসের উপর ক্ষিপ্ত হতে দেখা গেছে মেসিকে।
ঘটনাটি ঘটেছে পিএসজির অনুশীলনে। কোচ গালতিয়ের পিএসজির স্কোয়াডকে দুদলে ভাগ করে অনুশীলনে খেলিয়েছন ম্যাচ। সেখানে মেসি ও রামোস ছিলেন প্রতিপক্ষ শিবিরে। আর প্রতিপক্ষ শিবিরে যেতেই পুরনো রূপে দুজনই। তাই বল নিয়ে কারিকুরি করার সময় মেসিকে একটা হার্ড ট্যাকল করে বসেন রামোস। রামোসের ট্যাকল কোনোভাবে এড়িয়ে যেতে পারলেও এ ঘটনায় একটু বিরক্ত হয়েছেন মেসি। শুধু বিরক্তিই নয়, রামোসকে উদ্দেশ্য করে অপ্রীতিকর কিছু বলেছেন এই আর্জেন্টাইন। তবে ট্যাকলের পরপরই রামোস মেসির দিকে এগিয়ে গিয়ে কিছু বলেন।