ফিফা র্যাংকিংয়ের তলানির দল স্যান ম্যারিনোকে নিয়ে ছেলেখেলাই করলো ইউরো কাপের রানার্সআপ দল ইংল্যান্ড।
মাত্র ১৫ মিনিটের ব্যবধানে অধিনায়ক হ্যারি কেইনের একার চার গোলসহ গুনে গুনে দশবার স্যান ম্যারিনোর জালে বল প্রবেশ করিয়েছে তারা।
এই ১০-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ টিকিটও নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। ম্যাচটি অবশ্য হারলেও ক্ষতি ছিল না ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীদের। কেননা অন্য ম্যাচে হাঙ্গেরির কাছে ১-২ গোলে হেরেছে পোল্যান্ড।
ফলে এমনিই বিশ্বকাপ নিশ্চিত হয় ইংল্যান্ডের। ১৯৬৪ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ১০ গোলে জিতল ইংল্যান্ড।
সেবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে স্কোরলাইন ছিল একই। ইংলিশদের সবচেয়ে বড় জয় ১৩-০ গোলে, ১৮৮২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।
তিন দিন আগে আলবেনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন কেইন। ইংল্যান্ডের চতুর্থ খেলোয়াড় হিসেবে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন তারকা এই ফরোয়ার্ড।
এর আগে ১৯০৯ সালে ভিভিয়ান উডওয়ার্ড, ১৯২৭ সালে ডিস্কি ডিন ও ১৯৫৭ সালে টমি টেইলর এই কীর্তি গড়েছিলেন।