অলিম্পিকের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার সমতাসূচক দ্বিতীয় গোল শেষ মুহূর্তে বাতিল করা হয়। এই বিতর্কিত সিদ্ধান্তের পর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায়। তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি আর্জেন্টিনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লাউদিও তাপিয়া শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি এক্সে লেখেন, "মরক্কোর বিরুদ্ধে ম্যাচে আমাদের দায়ের করা অভিযোগ ফিফার ডিসিপ্লিনারি কমিটি প্রত্যাখ্যান করেছে। আমাদের অধিকার রক্ষার জন্য এএফএ জানতে চাইবে যে সিদ্ধান্তটি কিসের ভিত্তিতে নেওয়া হয়েছিল এবং আমরা এই রায়ের ব্যাখ্যা চাইছি।”
প্যারিস অলিম্পিকের পুরুষদের ফুটবলের উদ্বোধনী ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে দর্শকদের একটি দল মাঠে ঢুকে পড়ায় ম্যাচটি প্রথমে ২-২ গোলে ড্র ঘোষণা করা হয়েছিল। তবে দুই ঘণ্টা পর ম্যাচ পুনরায় শুরু হলে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) আর্জেন্টিনার শেষ গোলটি বাতিল করেন। এ ঘটনার পর ফিফার কাছে অভিযোগ দায়ের করেছিল আর্জেন্টিনা।