ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারতের দালালরা দেশব্যাপী সক্রিয় রয়েছে এবং সুযোগ পেলেই তারা আক্রমণ চালাবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নানা পথে বাধাগ্রস্ত করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও অসহযোগিতার হুমকি দিচ্ছে, যা দ্বৈরথপূর্ণ ও দ্বিমুখী আচরণ। এটি দ্রুত বন্ধ করতে হবে।
বুধবার (২৮ মে) দিনাজপুরের ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি রেজাউল করিম এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তবে পরবর্তী সময়ে দেশ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা, অর্থপাচার ও সন্ত্রাসের মত সমস্যা এখনো থামেনি। জুলাই আন্দোলনের সময় অনেক বীর শহিদ হয়েছেন, কিন্তু এখনো দেশের নানা প্রান্তে চাঁদাবাজি ও সন্ত্রাস অব্যাহত রয়েছে। মুফতি রেজাউল করিম বলেন, দেশের মাটিতে চাঁদাবাজি এবং সন্ত্রাস আর কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না।
তিনি দিনাজপুরবাসীকে আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার পর থেকে বহু রাজনৈতিক দল দেশ শাসন করেছে যার প্রভাব জনগণের ওপর পড়েছে। এখন সময় এসেছে ইসলামী আদর্শের নেতৃত্বে দেশ পরিচালনার। ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে রাজনৈতিক লোভ-লালসা এড়িয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করছে। তিনি বলেন, সামান্য পদ-পদবির জন্য দল কখনো অন্ধরাজনীতির সাথে সম্পৃক্ত হয়নি। আগামী নির্বাচনে দেশের সার্বিক উন্নয়নের জন্য ইসলামকে ক্ষমতায় আনার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি নূর আলম সিদ্দিকী সভাপতিত্ব করেন এবং দিনাজপুর উত্তরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুব আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকি, ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ প্রমুখ।
জেএইচ/ইডি