দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মোল্লা বাজার এলাকায় কৃষিজমিতে অতিবৃষ্টির কারণে জমে থাকা পানিতে ধান কাটতে না পেরে বিপাকে পড়েছিলেন কৃষকরা। দীর্ঘদিন মাঠে পানি জমে থাকায় ধানের গোড়া পঁচে যাওয়ার পাশাপাশি ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় পড়েন তারা।
পরবর্তীতে পানি কিছুটা কমে এলে কৃষকরা ধান কাটার জন্য আধুনিক যন্ত্রের সাহায্য নেন। সরাসরি জমি থেকেই ধান কেটে মেশিনে মাড়াই করে বস্তাবন্দি করছেন তারা। তবে এত দেরিতে ধান কাটায় উৎপাদনে ক্ষতি হয়েছে বলেও জানান চাষিরা।
স্থানীয় কৃষক যুগল চন্দ্র বর্মন জানান, “ধান অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখন যেটুকু পাচ্ছি তা আধুনিক মেশিন দিয়ে তুলছি, কিন্তু এতে করে খরচও বেড়ে গেছে। লাভ তো দূরের কথা, লোকসানই গুনতে হবে।”
আরেক কৃষক খোকন মিয়া বলেন, “পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবছর একই ভোগান্তির শিকার হচ্ছি। এই সমস্যা সমাধানে কেউ উদ্যোগ নিচ্ছে না, এতে আমরা হতাশ।”
চাষিরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়ে বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন অনেকেই।
জেএইচ/ইডি