দিনাজপুরের বিরামপুরে মর্মান্তিক দুর্ঘটনা
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও দুই মাস বয়সী শিশুর মৃত্যু
জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
eshomoy.com || 2025-08-15
সংগৃহীত ছবি |ইসময়|
দিনাজপুরের বিরামপুরে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী ও তার মাত্র দুই মাস বয়সী পুত্রশিশু। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কহিনুর বেগম (২৭) তার স্বামী গোলাম রব্বানীর মোটরসাইকেলে কোলে শিশু রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে নিজ বাড়ি বিরামপুর উপজেলার ধানগড়া গ্রামে ফিরছিলেন। পথে সোনালী ব্যাংকের সামনে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় হঠাৎ ভারসাম্য হারিয়ে শিশুসহ নিচে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।
দুর্ঘটনাটি এত দ্রুত ঘটে যে, উপস্থিত কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। স্থানীয়রা জানান, স্বামী ও বাবা গোলাম রব্বানী চোখের সামনে স্ত্রী ও নবজাতককে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েন।
এই ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। নিহতদের শ্বশুরবাড়ি ও বাবার বাড়িতে চলছে শোকের মাতম।
জেএইচ/ইডি