হিলি সীমান্তে টহল জোরদার: নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি
জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
eshomoy.com || 2025-12-07
ছবি: হিলি সীমান্তে বিজিবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে দিনাজপুরের হিলি সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অস্ত্র পাচার পুরোপুরি বন্ধ করতে সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বহিরাগত কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অস্ত্র যেন দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী। সীমান্ত পরিস্থিতি সম্পর্কে লে. কর্নেল লতিফুল বারী বলেন, “সীমান্তে বিজিবি সবসময়ই সতর্ক অবস্থায় থাকে এবং দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করে। তবে আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই সময়টিতে যেন কেউ সুযোগ নিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করতে না পারে এবং কোনো প্রকার অস্ত্র পাচার না ঘটে, সে বিষয়টিতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এ লক্ষ্যেই টহল ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।” তিনি আরও জানান, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৪১ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর পুরোটাতেই নজরদারি বাড়ানো হয়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত প্রায় ৫ কিলোমিটার সীমান্ত এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির এই ব্যবহারের ফলে সীমান্তে যে কোনো সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির এই সতর্ক অবস্থানের ফলে সীমান্তে সাধারণ মানুষের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমান্তের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি করা হচ্ছে। বিজিবির এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা মনে করছেন এতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সহায়তা হবে। নির্বাচন পর্যন্ত এই বিশেষ সতর্কতা এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
জেএইচ/ইডি