দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক চারটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।
বুধবার (৫ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাটালিয়নের অধীন কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বাংলাদেশর অভ্যন্তর থেকে ৫ হাজার ৪০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও একই ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে।
/ইসময় লিমিটেড