বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা তিন দিনের হরতালের ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ফকিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ভূমি অফিস ও কৃষি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা টানা ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেন।
কর্মসূচি চলাকালে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দপ্তরের প্রধান দরজায় তালা ঝুলতে দেখা যায় এবং কোনো কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত কাজ করতে দেখা যায়নি। তবে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
এদিকে ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।
নেতারা বলেন, "বাগেরহাটের জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সংসদীয় চারটি আসন পুনর্বহাল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"