প্রকৃতিতে কিছু প্রাণী কেবল লোকমুখের কুসংস্কার ও ভ্রান্ত ধারণার বলি হয়ে কাল্পনিক বদনাম বয়ে বেড়ায়। তেমনি একটি প্রাণী হলো ‘বন ঝুটিয়াল গিরগিটি’ (Forest Crested Lizard/Emma Grays Forest Lizard , যার বৈজ্ঞানিক নাম: Calotes emma)। লোকমুখে এদের ‘রক্তচোষা’ বা ‘রক্তচোষ’ নামে ডাকা হলেও বাস্তবে এরা সম্পূর্ণ রক্তশোষনহীন ও পরিবেশবান্ধব একটি প্রাণী।
লোককথা রয়েছে যে এরা নাকি দূর থেকেও মানুষের রক্ত চুষে নিতে পারে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, বংশবৃদ্ধির মৌসুমে কিংবা আত্মরক্ষার প্রয়োজনে পুরুষ গিরগিটিরা নিজেদের শারীরিক রঙ পরিবর্তন করে গলা ও মাথায় লাল বর্ণ ধারণ করে। লাল রঙের এই উপস্থিতির কারণে সাধারণ মানুষের মাঝে ভ্রান্ত ধারণার জন্ম হয় এবং এদের গায়ে ‘রক্তচোষা’ অপবাদ সেঁটে যায়।
একটি পূর্ণবয়স্ক বন ঝুটিয়াল গিরগিটি ৪১ থেকে ৪২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। চোখের ওপর একজোড়া কাঁটা, বাদামি দেহের ওপর কালো দাগ বা ফোটা এবং বড় মাথা ও পিঠে চটজলদি চেনা যায় এমন ঝুটি বা কুঁট এদের অন্য সাধারণ গিরগিটি থেকে আলাদা করে তোলে। বাংলাদেশে ভাওয়াল জাতীয় উদ্যান, সিলেট ও চট্টগ্রামের মিশ্র চিরসবুজ বনে সচরাচর এদের দেখা মেলে। এছাড়া ভারত, চীন ও মিয়ানমারেও এদের উপস্থিতি রয়েছে।
দিনের বেলা গাছে গাছে ঘুরে কীটপতঙ্গ ও ক্ষতিকারক পোকা খেয়ে এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। নিরীহ এই প্রাণীটি মানুষের কোনো ক্ষতিই করে না, বরং পরিবেশের জন্য অত্যন্ত উপকারী।
বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত গবেষণার অভাব এবং মানুষের ভুল ধারণার কারণে প্রাণীটি দিন দিন ঝুঁকিতে পড়ছে। প্রকৃতির এই বিরল বন্ধুকে বাঁচাতে লোকজ অন্ধবিশ্বাস দূর করে এদের সুরক্ষা ও সংরক্ষণ সুনিশ্চিত করা জরুরি।