গাজীপুর সদর উপজেলার বেলাই-বিল থেকে স্কুল ড্রেস পরা অবস্থায় উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় মিলেছে। নিহত কিশোরীর নাম তানজিনা (১৭)। সে মানসিক ভারসাম্যহীন ছিল এবং গত দিন দুই ধরে নিখোঁজ ছিল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের পশ্চিমপাড়া এলাকার বেলাই-বিল থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত তানজিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বাসিন্দা প্রবাসী নবী হোসেনের মেয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় শনাক্ত
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর থেকে হঠাৎ নিখোঁজ হয় তানজিনা। তাকে খুঁজে পেতে স্বজনরা ‘md Rayhan’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিসহ বার্তা পোস্ট করেন। শনিবার বিলে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে ফেসবুকে দেওয়া সেই পোস্টের মোবাইল নম্বরে যোগাযোগ করে তানজিনার পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়।
বিষয়টি নিশ্চিত করে আমতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবলু জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়না-তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।