কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৭ মে ২০২৬) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হন। এসময় থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার মন্তাজ সর্দার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ রুহুল আমিন (৩৫) নামে এক ব্যক্তির বসতঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত রুহুল আমিন উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।