কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। রাতে তার পরিবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে তার সন্ধান করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পরিবার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে।