কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২২ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দ করা গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করা হবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।