কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি হায়েস মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন গীতবাড়ি বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় একটি হায়েস মাইক্রোবাস আটক করা হয়।
বিজিবি জানায়, মাইক্রোবাসটি তল্লাশি করে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
উদ্ধার করা মাদক ও জব্দকৃত যানবাহন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।