চট্টগ্রামের মিরসরাইয়ে রিজিয়া আক্তার আঁখি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের মিঝি বাড়ীতে এই ঘটনা ঘটে।গৃহবধূর পরিবারের দাবি, তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন।
এই ঘটনায় আঁখির স্বামী মঈন উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত আঁখি উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী ভূঁইয়া বাড়ীর শাহ আলমের মেয়ে।
গৃহবধূর বাবা শাহ আলম বলেন, আজ দুপুরে আমার মেয়ের জামাইয়ের মামাতো ভাই আমাকে ফোন দিয়ে বলে আপনি একটু মেয়ের বাড়ীতে (শ্বশুর বাড়ী) আসেন। তখন আমি জিজ্ঞেস করি কেন? তখন ও বলে যে আপনার মেয়ে মারা গেছে। তখন সবাই মিলে ওই বাড়ীতে যাই। গত ১ সপ্তাহ আগে আমার মেয়ে আঁখিকে স্বামী মঈন উদ্দিন মারধর করায় রাগ করে আমাদের বাড়ীতে চলে আসে। পরবর্তীতে তার স্বামী এসে আর তাকে মারধর করবেনা বলে স্বামীর বাড়ীতে নিয়ে যায়।