পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ মাছের আড়ৎ ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জাপান নামক একটি মাছের আড়ৎ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ রাজা জানান।
আরও পড়ুন, পটুয়াখালীতে ৬৫০ টাকা কেজি গরুর মাংস, ৯ টাকা পিস ডিম ও ৬৫ টাকা লিটার গরুর দুধ বিক্রি হচ্ছে!
কলাপাড়া ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার মোঃ ইলিয়াস হোসাইন জানান, সড়ক সরু হওয়ায় তাদের ঘটনাস্থলে পৌছাতে কিছুটা বিলম্ব হলেও নদী খুব কাছাকাছি থাকায় তুলনামূলক কম সময়েই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দখিনা বাতাস এবং মাছের আড়তগুলোতে থাকা ককসিট, জাল ও দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন, পটুয়াখালীতে জঙ্গলে নিয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীর গলা কাটার চেষ্টা করলো বন্ধু!
কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল ইসলাম বলেন, আমরা উপজেলা প্রশাসন থেকে একটা কমিটি গঠন করব। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখবে।
এদিকে মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের গভীর সমবেদনা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান। ঘটনার খবর শুনে শুক্রবার রাতেই তিনি ঢাকা থেকে রওয়ানা হয়েছেন। শনিবার সকাল ১০ টায় মহিপুরে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানাবেন।