বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় দারুল খেলাফায় কর্মী থেকে নকীবদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) ঢাকার পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী নকীব প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন স্থান থেকে বাছাইকৃত সংগঠনের কর্মীরা এ প্রশিক্ষণ মজলিসে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ২৯ জন কর্মীকে মানোন্নয়ন করে সংগঠনের সর্বোচ্চ স্তর নকীব হিসেবে ঘোষণা করা হয়।
এদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী লিখিত ও মৌখিক পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন।
এ উপলক্ষে আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ মজলিসে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরে মজলিস আল্লামা মামুনুল হক নবনির্বাচিত নকীবদের শপথ বাক্য পাঠ করান। পরে তিনি বলেন, “আপনাদের প্রতি আজ আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দায়িত্ব অর্পিত হলো। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার মহান দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমি আশাবাদী। আপনাদের প্রতি আমার দোয়া রইল।”