কারাগারে ‘১০ লাখ টাকা’ দেনমোহরে বিয়ে করলেন নোবেল
ইসময় ডেস্ক
eshomoy.com || 2025-06-21
গায়ক মাইনুল আহসান নোবেল
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা গায়ক মাইনুল আহসান নোবেল নতুন করে আলোচনায় উঠে এসেছেন। কয়েদখানার ভেতরেই তিনি বিয়ে করেছেন মামলার বাদী ইডেন কলেজের এক ছাত্রীকে। এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ‘১০ লাখ টাকা’।
গত ২০ মে থেকে ওই ছাত্রীর করা ধর্ষণ মামলায় কারাবন্দি ছিলেন নোবেল। অভিযোগ ছিল, তিনি সাত মাস ধরে ওই নারীকে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন। এই মামলার বিচার চলাকালে আদালত নোবেলকে বাদীকে বিয়ে করার নির্দেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ১৯ জুন এ আদেশ দেন। পরদিন ২০ জুন ঢাকায় কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেল ও সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই ইলা মণি জানিয়েছেন, দুই পক্ষের সম্মতিতে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। বিয়েতে উভয় পক্ষের ঘনিষ্ঠজনদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া।
জেএইচ/ইডি