ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে।
আরও পড়ুনঃ ইবিতে ককটেল সদৃশ বস্তু উদ্ধারের পর ক্যাম্পাসে তল্লাশি
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দিবাগত রাত প্রায় দুইটার সময় ও শুক্রবার (১২ জানুয়ারী) সকাল ৮ টার সময় এসব উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।
প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তারক্ষীরা জানান, বৃহস্পতিবার রাত থেকে এ পর্যন্ত ক্যাম্পাসে ছয়টি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে রাতে লালনের পকেট গেটে দুইটি এবং সকালে জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে দুইটি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে একটি ককটেল সদৃশ পাওয়া গেছে। ইতোমধ্যে সবগুলোই নিষ্ক্রিয় করা হয়েছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমরা রাতে ২টা ও সকালে ৪টি ককটেল সদৃশ বস্তু পাই। পরে আনসারদের সহায়তায় ইবি থানা কর্তৃপক্ষ বস্তুগুলো উদ্ধার করে। ক্যাম্পাস খোলার পরপরই এমন ঘটনা আতঙ্কজনক। স্পেশাল টিম এনে পুরো ক্যাম্পাসে অভিযান চালানো হবে।
আরও পড়ুনঃ এতিম শিক্ষার্থীদের জন্য তৈরি করবেন খাতা-বিদ্যানন্দ ফাউন্ডেশন
তিনি আরও বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তদন্তসাপেক্ষে প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নেব।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি। ককটেল-সদৃশ বস্তু আসলেই ককটেল কি না তা পরীক্ষা করা হবে। আমরা বিষয়টি নিয়ে গুরত্বসহকারে কাজ করছি।