ভুবন বাদ্যকর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিশ্বের বিভিন্ন দেশের মানুষও তাকে চেনেন। ‘কাঁচা বাদাম’ খ্যাত এ গায়ক এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন। নতুন মিউজিক ভিডিওর নায়িকা কে জানেন?
কয়েক মাস আগে ভাইরাল হয় কাঁচা বাদাম গানটি। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে যান গানটির নির্মাতা ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর! তারপর আরও কয়েকটি গান বের হয় তার। একাধিক জায়গা থেকে সংবর্ধনাও দেয়া হয় তাকে। সেই ‘বাদাম কাকুরই’ এবার চলে এলো নতুন গান।
‘চু কিত কিত’ নামে গানটি রিলিজ হয়েছে ‘টাইমস বাংলা মিউজিক’ ইউটিউব চ্যানেলে। নতুন এ গানেও রয়েছে বাদামের স্বাদ! ভুবন গাইলেন ‘চু কিত কিত কিত কিত, আমার বাদাম সুপার হিট।’ গানের কথা ও সুর দিয়েছেন শমীক সিনহা। একইসঙ্গে র্যাপও করেছেন তিনি। গানের মিউজিক ডিরেক্টর সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়।
এতে অভিনয় করেছেন ভুবন বাদ্যকর, অন্যতম জনপ্রিয় ‘রাঁধুনি’ ইউটিউবার রিম্পি ও অন্যান্যরা। রিম্পি ইউটিউবে খোলামেলা পোশাক পরে রান্না করে ভাইরাল হয়েছিলেন। এবার তাকেই ভুবন বাদ্যকরের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল ‘চু কিত কিত’ গানে।
ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হতে শুরু করেছে। গানটি দেখে ইতোমধ্যেই মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন তারা। কেউ কেউ গানের প্রশংসা করেছেন। কারও আবার একেবারেই পছন্দ হয়নি গানটি।