উসকানিমূলক অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান, সতর্কবার্তা পুলিশের
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য মাধ্যমে উসকানিমূলক, বিভ্রান্তিকর বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব, ভুয়া তথ্য বা উসকানিমূলক প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে নির্ভরযোগ্য উৎস থেকে তা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া, কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য, গুজব বা সহিংসতা উসকে দিতে পারে—এমন কোনো কনটেন্ট প্রচার করেন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে পুলিশ।
জনসাধারণকে দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি সন্দেহজনক বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ।