মাত্র এক সপ্তাহ আগে ২৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলেন সিলেটের পায়রা এলাকার বাসিন্দা আলম মিয়া। তারও আগে কিনেছিলেন মাত্র ৬০ টাকায়। কিন্তু শুক্রবার (১২ জুলাই) একই কাঁচামরিচ ৪০০ টাকা কেজি দরে কিনেছেন। এতে ক্ষুব্ধ আলম। তবে সেই ক্ষোভ মনে চেপেই বাজার সারেন তিনি।
জানতে চাইলে সিলেটভিউকে এই তরুণ বলেন, শুধু কি কাঁচা মরিচ দাম বেড়েছে; চাল, কাঁচা মরিচ, ব্রয়লার মুরগি সব কিছুরই তো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। আয় রোজগার তো তেমন নেই। কিভাবে চলবো। তিনি জানান- সবজি বিক্রেতারা বলছেন বন্যার কারণে দাম বাড়ছে।
আম্বরখানা এলাকায় সৈয়দ সাইফুল নামে একজন ক্রেতা নিউজ ডটকমকে বলেন, আড়াইশো গ্রাম কাঁচা মরিচ চাচ্ছে ১০০ টাকা। মানে কেজি ৪০০ টাকা। কি অবস্থা।
দাম বৃদ্ধির কারণ নিয়ে বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচ নষ্ট হয়। তাই দাম আগের তুলনায় বেড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহানগরীতে কিছুদিন আগে পাইকারি বাজারে টমেটো ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু গত সপ্তাহে পাইকারি বাজারে টমেটো ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর আজ শুক্রবার একই টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য শাকসবজির দামও বাড়তি। পাইকারি বাজারে দামের সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে।