চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছে রংপুর রাইডার্স। দলটি এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলে অপরাজিত রয়েছে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে রাইডার্সরা তাদের জয়রথ ধরে রেখে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে।
৮ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট সংগ্রহ করে রংপুর রাইডার্স বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে। একের পর এক জয় তুলে নিয়ে তারা প্রতিপক্ষের জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করেছিল রংপুর। স্বাগতিকদের ৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের শক্তি দেখায় দলটি। এরপর সিলেট স্ট্রাইকার্সকে ৩৯ রানে হারিয়ে দারুণ ছন্দে থেকে এগিয়ে যায় তারা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে ৮ উইকেট হাতে রেখে ৩০ বল আগেই জয় তুলে নিয়ে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করে রংপুর। পরবর্তী ম্যাচগুলোতেও সিলেট, ঢাকা ও বরিশালকে আবার হারিয়ে তারা নিজেদের অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখে।
খুলনা টাইগার্সের সঙ্গে প্রথম দেখায় জমজমাট লড়াইয়ের পর ৮ রানের জয় পায় রংপুর। আর গতকাল চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে অপরাজিত থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে সোহানের দল।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে ফরচুন বরিশাল, যারা ৬ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে আছে চট্টগ্রাম। রাজশাহী ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। তাদের পরেই আছে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং সবার নিচে ঢাকা ক্যাপিটালস।
রংপুর রাইডার্সের এমন দাপুটে পারফরম্যান্স তাদের প্লে-অফের অন্যতম ফেভারিট হিসেবে তুলে ধরেছে। এখন দেখার বিষয়, ফাইনালের পথেও তারা এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না।