সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩ নম্বর গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রাজস্ব আদায়, হোল্ডিং কর সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৮ অক্টোবর কাজিপুর উপজেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য ও সাধারণ সদস্যরা। পরে ১০ জন ইউপি সদস্যের স্বাক্ষরে অভিযোগ প্রত্যাহার করা হলেও রাজস্ব আদায়ের প্রায় ১৭ লাখ টাকার হিসাব এখনো পাওয়া যায়নি বলে দাবি করেছেন কয়েকজন সদস্য। অভিযোগ প্রত্যাহারপত্রে প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষর নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আবাসিক কর আদায়ের কার্যক্রম প্রায় ১৫ লাখ টাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, পরিষদের কোনো রেজুলেশন বা যথাযথ সিদ্ধান্ত ছাড়াই প্যানেল চেয়ারম্যান এককভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ইউপি সদস্যদের রেজুলেশন ছাড়াই অ্যাসেসমেন্ট অনুযায়ী প্রায় সাত হাজার হোল্ডিং নেমপ্লেট বিতরণের নামে অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসব অর্থের যথাযথ হিসাব পরিষদের সদস্যদের জানানো হয়নি এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলে জমা হয়েছে কি না, তারও প্রমাণ দেখানো হয়নি বলে দাবি অভিযোগকারীদের।
অভিযোগকারীরা রাজস্ব আদায়ের অর্থের হিসাব জানতে চাইলেও সন্তোষজনক তথ্য পাননি বলে দাবি করেন। এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
গত ৮ নভেম্বর ১০ জন ইউপি সদস্যের স্বাক্ষরে অভিযোগ প্রত্যাহার করা হয়। তবে প্রত্যাহারপত্রের প্রথম স্বাক্ষরকারী হিসেবে অভিযোগকারী পক্ষের একজনের নাম থাকায় এবং প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গান্ধাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ আশাদুল বলেন, এখানে তো সিগনেচার করার কথা না। আমরা এখনো ১৭ লাখ টাকার হিসাব পাইনি। তবে মুরুব্বীরা সময় নিয়েছে, কিন্তু কতদিন লাগবে বলতে পারছি না। আদৌ হিসাব পাব কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
অনাস্থা বা অভিযোগের বিষয়টি সংসদ সদস্যের বাসায় গিয়ে তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মুরুব্বীরা ডেকেছিলেন।
ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ শেফালী খাতুন অভিযোগ করেন, তাঁদের ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করানো হয়েছে। স্বাক্ষর না করলে ইউনিয়ন পরিষদে যেতে দেওয়া হবে না এমন আশঙ্কায় অভিযোগ প্রত্যাহারে স্বাক্ষর করেছেন বলে দাবি করেন তিনি।
৯ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল বলেন, এখন তাদের দল ক্ষমতায় রয়েছে, জীবনের একটা ভয় রয়েছে। যে কারণে আমরা মুরুব্বিদের কথায় এমপির বাসায় গিয়ে অনাস্থা উঠিয়েছি। এখানে তো আবু বক্করের সাইন থাকার কথা না।
৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বলেন, অভিযোগ প্রত্যাহারপত্রে প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের স্বাক্ষর থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। তাঁর দাবি, এখন পর্যন্ত ১৭ লাখ টাকার হিসাব পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক বলেন, আসলে আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ আনা হয়েছে, সেগুলো সব মিথ্যা ও বানোয়াট। প্রত্যাহারপত্রে স্বাক্ষর আমার ভুলক্রমে হয়ে গেছে। এটা সম্পর্কে আমার জানা ছিল না। তবে আমি নতুন করে প্রত্যাহারপত্র সবাইকে দিয়ে লিখে নেব।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ প্রত্যাহার হলেও রাজস্ব আদায়ের অর্থের পরিমাণ, জমা ও ব্যয়ের হিসাব পরিষ্কার না হওয়ায় অভিযোগের প্রকৃত নিষ্পত্তি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়ন পরিষদের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে রাজস্ব আদায়ের অর্থের হিসাব, জমা ও ব্যয়ের বিবরণ প্রকাশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।