সুন্দরবনের হারবারিয়া এলাকা থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১৮ কেজি অবৈধ কাঁকড়া ও শিকারি সরঞ্জামসহ ৮ জন হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সন্ধ্যায় দিঘির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় উদ্ধার করা হয়—
সাড়ে ১৩ কেজি হরিণের মাংস
একটি হরিণের মাথা ও চারটি পা
হরিণ ধরার ফাঁদ জাল
১৮ কেজি অবৈধ কাঁকড়া
৫ লিটার বিষ
দুটি নৌকা
আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এবং সুন্দরবন সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।