শারদীয় দুর্গোৎসবকে ঘিরে খুলনা জেলাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখছে ছাত্র জনতা। ২৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হওয়া টহল কার্যক্রমে তারা সারা রাত খুলনা মহানগরীর বিভিন্ন মন্দির পরিদর্শন করে পূজার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ছাত্র নেতা তামিম হাসান লিয়নের নেতৃত্বে মানবতার কল্যাণে আমরা খুলনা বাসী সংগঠনের প্রতিনিধিরা প্রথমে মহানগরীর কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এরপর রূপসা সেতু হয়ে রূপসা উপজেলার বেশ কিছু মন্দির পরিদর্শন করেন তারা। এ সময় উপস্থিত থেকে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সাবেক সংগঠক তামিম হাসান লিয়ন। সঙ্গে ছিলেন মানবতার কল্যাণে আমরা খুলনা বাসী সংগঠনের নেতা হৃদয় চৌধুরী ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের এই টহল কার্যক্রমে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ পূজামণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করছে।
রুপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলের পাশাপাশি শিক্ষার্থীদের এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগে উৎসাহ দিচ্ছে। এতে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে একটি আস্থার পরিবেশ তৈরি হচ্ছে।
মানবতার কল্যাণে আমরা খুলনা বাসী সংগঠনের নেতা হৃদয় চৌধুরী বলেন এ বছর খুলনাতে আনুমানিক ৬০০টিরও বেশি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতিমধ্যে ৩০০টির কাছাকাছি মন্দির পরিদর্শন করেছি এবং সবগুলো মন্দিরে যাওয়ার চেষ্টা করবো।