শাহরুখ গান গেয়েছেন গৌরীকে মুগ্ধ করতে ,মুখের ওপর গৌরী বলেছিল, ‘ফালতু’
তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট
eshomoy.com || 2024-10-08
শাহরুখ খান ও গৌরী খানের প্রেমকাহিনি বলিউডের অন্যতম চর্চিত গল্পগুলোর মধ্যে একটি। ৪০ বছর আগের কথা, যখন আজকের ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান ছিলেন ১৮ বছরের তরুণ। তিনি তখন প্রেমে পড়েছিলেন গৌরী সাব্বার নামে এক তরুণীর, যিনি পরে ১৯৯১ সালে শাহরুখের জীবনসঙ্গী হিসেবে পরিচিত হন গৌরী খান নামে।
আজ ৮ অক্টোবর গৌরী খানের জন্মদিন, তিনি ৫৫ বছরে পা রাখলেন। বলিউডে গৌরী খ্যাতি পেয়েছেন একজন প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে। বহু হাইপ্রোফাইল তারকার ঘর সাজানোর পাশাপাশি তিনি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন।
শাহরুখের স্মৃতিচারণে ফিরে দেখা যায়, ১৯৮৪ সালে গৌরীর সঙ্গে তাঁর প্রথম দেখা। সেই সময় শাহরুখ একবার গৌরীকে পটানোর জন্য গান গেয়েছিলেন, ‘গৌরী তেরা গাঁও বারা প্যায়ারা’, কিন্তু গৌরী সেটা শোনার পর মুখের ওপর বলেছিলেন, "ফালতু"। মজার ছলে শাহরুখ বলেছিলেন, “গানটা খুবই সস্তা লেগেছিল গৌরীর কাছে, কিন্তু ভাগ্যিস আমাকে ছাড়েনি!” শাহরুখের দেওয়া এই তথ্য এখনো তাঁদের প্রেমকাহিনির অংশ হিসেবে জনপ্রিয়।
দিল্লির পঞ্চশিলা ক্লাবে ১৯৮৪ সালে তাঁদের প্রথম দেখা। সেই সময় শাহরুখের বয়স ছিল ১৮ আর গৌরীর মাত্র ১৪। শাহরুখ জানান, গৌরীকে প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন তিনি। তাঁদের দীর্ঘ প্রেমের পরিণতি আসে ১৯৯১ সালে, যখন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাঁদের দীর্ঘ দাম্পত্য জীবনকে ভক্তরা ‘পাওয়ার কাপল’ হিসেবে প্রশংসা করেন। তবে তাঁদের সম্পর্কেও কিছু চ্যালেঞ্জ ছিল। বলিউডে একসময় গুজব রটে যে, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের সম্পর্ক ছিল, যা খান দম্পতির মধ্যে ফাটল তৈরি করেছিল। এমনও শোনা যায় যে, গৌরী ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, এবং তাঁদের সম্পর্কের মজবুত বন্ধন অক্ষুণ্ণ থাকে।