বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বিয়ের চার বছর পার করে ফেললেন এই তারকা দম্পতি। সময়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়েছে তাদের সম্পর্ক, যেখানে নেই একে অপরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণের কোনো চেষ্টা। ব্যক্তিত্বের স্বাধীনতাকে সম্মান জানিয়ে একসঙ্গে চলছেন তারা, যা তাদের ভক্তদেরও মুগ্ধ করে।
তবে একসময় ক্যাটরিনা নাকি বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ভেবেছিলেন! এমনটাই জানিয়েছেন ভিকি নিজে। একটি সাক্ষাৎকারে ভিকি জানান, বিয়ের আগে তিনি ‘জরা হটকে জরা বচকে’ ছবির শুটিং করছিলেন। বিয়ের পর মাত্র দুই দিনের মধ্যেই শুটিংয়ে ফিরতে হবে—এমন খবর শুনে অবাক হয়েছিলেন ক্যাটরিনা।
ভিকি বলেন, “ছবির অর্ধেক শুটিং শেষ করেছিলাম। বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম। কিন্তু আমাকে বলা হলো, বিয়ের দুই দিন পরেই কাজে ফিরতে হবে। এটা শোনার পর ক্যাটরিনা মজার ছলেই বলেছিল, ‘বিয়ের পর যদি তৎক্ষণাৎ কাজে ফিরে যেতে হয়, তাহলে বিয়েটাই বন্ধ হোক!’”
যদিও এটি ছিল পুরোপুরি রসিকতা, তবুও এটি তাদের গভীর বোঝাপড়ারই উদাহরণ। ক্যাটরিনা ও ভিকি দু’জনেই পেশা এবং সংসারকে সমানভাবে গুরুত্ব দেন।
ভিকি আরও জানান, ক্যাটরিনা মাঝে মাঝে অতিরিক্ত দুশ্চিন্তা করেন এবং সহজেই ঘাবড়ে যান। তবে সেই সময় স্ত্রীকে সামলাতে ভিকি নাকি অদ্ভুত দক্ষ।
এই মুহূর্তে ভিকি তার নতুন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাকে দেখা যাবে ‘জি লে জারা’ ছবিতে। তবে কাজের বাইরে ক্যাটরিনা বেশিরভাগ সময় প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন। সাম্প্রতিক সময়ে খুব সাদামাটা সাজে, চোখে চশমা পরে তাকে দেখা গেছে বিশেষ কিছু অনুষ্ঠানে।
বলিউডের এই সফল দম্পতি কাজ ও সম্পর্কের ভারসাম্যে যেভাবে এগিয়ে চলেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।