বিএফডিসির কলাকুশলীদের চেনা মুখ চলচ্চিত্র কর্মী মোহাম্মদ খোরশেদ আলম। দীর্ঘ ৪৭ বছর ধরে এফডিসিতে শিল্প নির্দেশকের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। জীবনসায়াহ্নে পৌঁছে এখন এই চলচ্চিত্রকর্মী প্রিয় কর্মস্থল এফডিসি ছেড়ে ফিরতে চান জন্মস্থানে। তাই তার পাশে দাঁড়িয়েছেন একাধিক অভিনয়শিল্পী।
চলচ্চিত্রের সোনালি এবং চলতি সময়ে কাজ করা চলচ্চিত্রকর্মী খোরশেদ আলমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পাশে আছে ‘তছনছ’ সিনেমার টিম। সিনেমাটির নায়ক ও প্রযোজক মুন্না খান এই চলচ্চিত্রকর্মীর পাশে থাকার কথা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে মুন্না খান বলেন,
দীর্ঘ সময় ধরে খোরশেদ ভাই চলচ্চিত্রের জন্য কাজ করে আসছেন। জীবনের পুরোটা সময় চলচ্চিত্রে দিয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তা ছাড়া বাড়ি ফিরে শেষ বয়সে কাজ করার মতো তার অবস্থা নেই। তাই একজন চলচ্চিত্রের মানুষ হিসেবে আমি ও তছনছ সিনেমার টিম তার পাশে দাঁড়িয়েছি। আশা করি, চলচ্চিত্রের অন্যরাও তার পাশে দাঁড়াবে।
চলচ্চিত্র সাংবাদিকরা খোরশেদ আলমকে নিজ বাড়িতে সসম্মানে ফেরত পাঠানোর উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই এফডিসিতে হতে চলেছে তার বিদায় সংবর্ধনা। আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিবেন সাংবাদিক ও চিত্রকর্মীরা।
আয়োজন প্রসঙ্গে সাংবাদিক মাজহার বাবু বলেন,
খোরশেদ আলমকে বাড়ি ফেরানোর উদ্যোগের কথা জেনে চিত্রকর্মীরা তার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা চেষ্টা করছি সম্মানের সঙ্গে তাকে বাড়িতে ফেরত পাঠাতে। তাই এই আয়োজন। আশা করি, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা শেষবারের মতো তাকে বিদায় দিতে আসবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
প্রসঙ্গত, চলচ্চিত্রকর্মী খোরশেদ আলমের বিদায়ী সংবর্ধনা আয়োজনের নেপথ্যে রয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব।